Wednesday, 25th November, 2026
Wednesday, 25th November, 2026

শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টায় যুবক আটক

শরীয়তপুরে তিন বছরের এক শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টার সময় রাশেদ গাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যায় বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চৌরঙ্গী বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, নড়িয়া উপজেলার আলমগীর হোসেন তার অসুস্থ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আসেন। বিকেলে স্ত্রীর জন্য ওষুধ কিনতে তিনি হাসপাতাল থেকে নিচে নামেন। এ সময় তার তিন বছরের মেয়ে তোহাও বাবার পেছনে পেছনে নিচে চলে আসে।

 

অভিযোগ রয়েছে, এ সময় রাশেদ গাজী নামের ওই যুবক হঠাৎ শিশুটিকে কোলে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন। এ সময় রাশেদের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদ গাজীকে আটক করে থানায় নিয়ে যায়।