লালমনিরহাট শহরের ব্যস্ততম পুরান বাজার এলাকা। একদিকে শাঁখ ও কাঁসরের আওয়াজ, উলুধ্বনি; ঠিক তার তিন ফুট দূরত্বেই ভেসে আসছে আজানের ধ্বনি, কিংবা চলছে নীরব মোনাজাত।প্রায় দুইশ ধরে একই উঠানে দুটি ভিন্ন ধর্মের মানুষের এই সহাবস্থান ছড়িয়ে দিচ্ছে এক অনন্য বার্তা—‘ধর্ম যার যার, দেশ ও সম্প্রীতি সবার।
লালমনিরহাট শহরের কালীবাড়ি এলাকায় একই প্রাঙ্গণে অবস্থান করছে পুরান বাজার জামে মসজিদ এবং কালীবাড়ি মন্দির। সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এমন বিরল দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমান এখানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরটি। সে সময় ব্যবসা-বাণিজ্যের সূত্রে বিভিন্ন এলাকার মানুষজন পুরান বাজার এলাকায় যাতায়াত ও বসবাস শুরু করেন ধর্মপ্রাণ মুসলিম ব্যবসায়ীরা। নামাজ আদায়ের সুবিধার্থে মন্দিরের পাশেই প্রথমে ছোট একটি নামাজঘর তৈরি করা হয়, যা পরবর্তীতে ‘পুরান বাজার জামে মসজিদ’ হিসেবে পরিচিতি পায়। এরপর থেকে প্রায় ২০০ বছর ধরে এক উঠানেই পালিত হয়ে আসছে দুই ধর্মের আচার-অনুষ্ঠান। এখানে নেই কোনো সংঘাত বা বিতর্ক; বরং ধর্ম পালনে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দুই সম্প্রদায়ের মানুষ। নামাজের সময় হলে মন্দিরের বাদ্যযন্ত্র বন্ধ রাখা হয়, আবার পূজার মূল আচারগুলোর সময় মুসল্লিরাও বজায় রাখেন সহনশীলতা।
কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন কুমার চক্রবর্তী বলেন, আমরা একে অপরের ধর্মীয় আবেগকে সর্বোচ্চ সম্মান করি। পূজার সময় নামাজের ওয়াক্ত হলে আমরা ঢাক-ঢোল বন্ধ রাখি। বহুকাল ধরে আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভাই ভাই হিসেবে পূজা ও ইবাদত করে আসছি।”
পুরান বাজার জামে মসজিদের খতিব আব্দুল মালেকও একই সুর মিলিয়ে বলেন, “আমাদের মধ্যে কোনোদিন কোনো বিভেদ বা বিশৃঙ্খলা তৈরি হয়নি। এখানে যে সম্প্রীতির ঐতিহ্য গড়ে উঠেছে, তা আমাদের পূর্বপুরুষদের শেখানো। আমরা চাই এই দৃষ্টান্ত সারা দেশের মানুষ দেখুক।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, একই প্রাঙ্গণে দুটি উপাসনালয়ের শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে পরিচালনা করার এ সংস্কৃতি লালমনিরহাটের ঐতিহ্যকে তুলে ধরে। সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন সব সময় সজাগ রয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, এটি কেবল লালমনিরহাটের নয়, পুরো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার এক দারুণ উদাহরণ। দুই সম্প্রদায়ের মানুষ যেভাবে একে অপরের ধর্মীয় আনুষ্ঠানিকতাকে শ্রদ্ধা করে, তা সত্যিই প্রশংসনীয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। লালমনিরহাটের এই মন্দির ও মসজিদের দৃশ্যটি পুরো দেশের জন্যই এক অনন্য দৃষ্টান্ত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। তিনি বলেন,
যুগের পর যুগ পেরিয়ে গেছে, বদলেছেন মন্দিরের পুরোহিত আর মসজিদের ইমাম। কিন্তু বদলায়নি কালীবাড়ীর এই দুই উপাসনালয়ের পারস্পরিক আস্থা ও ভালোবাসার বন্ধন। উত্তরসূরিদের হাত ধরে ধর্মীয় সম্প্রীতির এই উজ্জ্বল উদাহরণ যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকবে এমনটাই প্রত্যাশা করেন মন্ত্রী।