Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

শরীয়তপুরে নামজারির ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযান।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভুমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে ১০ হাজার টাকা ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়।

 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কনেশ্বর ভুমি অফিসে এ অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন। অভিযানে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন দুদক।

 

দুদক জানায়, গত ১লা নভেম্বর কনেশ্বর ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভুমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহর বিরুদ্ধে ‘নামজারিতে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দিলেন তহসিলদার’ এমন শিরোনামে কয়েকটি গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি দুদকের নজরে আসলে আজ সোমবার অভিযান পরিচালনা করেন শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ভুমি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। পরবর্তি ব্যবস্থা নেয়ার জন্য কমিশন বারবার প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদক।

 

শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন বলেন, ‘নামজারির ফাইল আটকে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত’ এমন শিরোনামে কয়েকটি নিউজ আমাদের নজরে আসে এর প্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। এসময় আমরা ভুক্তভোগী ও অভিযুক্তের সাথে কথা বলেছি এবং তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। এখন পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে।

 

এদিকে অভিযুক্ত উপ-সহকারী ভুমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহর দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তবে বিষয়ে তিনি কোন আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।