Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

শরীয়তপুরে জমিতে ঘর নির্মাণে বাধা, প্রতিবেশীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর মৌলবীকান্দি গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী ও তার দুই ভাইয়ের ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মুজাম্মেল হাওলাদার ও তার ভাইদের বিরুদ্ধে। একই সঙ্গে বিভিন্ন মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

ভুক্তভোগীরা জানান, ২০১৮ সালে আব্দুল আলী আকনের কাছ থেকে বিনোদপুর ১৪ নম্বর পশ্চিম কান্দি মৌজার বিআরএস ২৮৮৮ দাগের ৩৬ শতাংশ জমি ক্রয় করেন সিঙ্গাপুরপ্রবাসী হেমায়েত খা এবং তার দুই ভাই কবির খা ও খবির খা।

 

সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নিলে প্রতিবেশী মুজাম্মেল হাওলাদার এতে বাধা দেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বসে। সবশেষ সালিশে হেমায়েত খা ও তার ভাইদের ক্রয়কৃত জমির চেয়ে ৬ শতাংশ জমি কম বুঝিয়ে দেওয়া হলেও বিষয়টি মেনে নিয়েই তারা সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করেন।

 

তবে স্থানীয় সালিশের সিদ্ধান্তের পর মুজাম্মেল হাওলাদার আদালতে একটি মামলা করেন এবং ওই মামলায় আদালতের রায় হেমায়েত খা ও তার ভাইদের পক্ষে যায়।

 

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় তাদের পক্ষে যাওয়ার পরও মুজাম্মেল হাওলাদার ও তার ভাইয়েরা বর্তমানে ঘর নির্মাণে বাধা দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন মামলা দিয়ে তাদের হয়রানি করছেন।

 

বিষয়টি তদন্ত করে নিজেদের ক্রয়কৃত জমিতে নির্বিঘ্নে ঘর নির্মাণের সুযোগ এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।