Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

অবহেলিত শরীয়তপুরের তকমা মুছে আধুনিক ও গর্বিত জেলা গড়াতে চাই -হুইপ অপু

অবহেলিত শরীয়তপুরের পরিচিতি মুছে জেলাটিকে আধুনিক, উন্নত ও জ্ঞানের শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ লক্ষ্য বাস্তবায়নে জেলায় দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেল যোগাযোগ চালু এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ অপু বলেন, রাজনীতি মানে দলীয় বিভেদ নয়। বিএনপি আমার রাজনৈতিক পরিচয় হলেও শরীয়তপুরের উন্নয়নের প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, উন্নত ও গর্বিত শরীয়তপুর গড়ে তোলাই হওয়া উচিত সবার সম্মিলিত লক্ষ্য।

 

শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনাব শামসুর রহমানের মতো গুণী ব্যক্তিত্ব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছেন। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে শরীয়তপুরে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্য জেলায় ছুটতে হবে না, নিজ জেলাতেই উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে।

 

যোগাযোগব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে হুইপ অপু বলেন, ঢাকা থেকে গোসাইরহাট হয়ে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গোসাইরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করার পাশাপাশি বরিশাল ও ভোলাসহ আশপাশের অঞ্চলগুলোর যোগাযোগব্যবস্থাকে শরীয়তপুরকেন্দ্রিক করার সম্ভাবনা তৈরি হবে।

 

তিনি আরও জানান, প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা যাচাই কার্যক্রমের উদ্বোধন করতে যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।

হুইপ অপু বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে শরীয়তপুরে শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একসময় অবহেলিত জেলা হিসেবে পরিচিত শরীয়তপুরকে উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে আধুনিক ও গর্বিত জনপদে রূপান্তর করাই তাঁদের লক্ষ্য।

 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার ও জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন।

 

অনুষ্ঠান শেষে মাদকমুক্ত সমাজ গঠনে নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকা এবং সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

 

 

এ সময় গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন নান্টু খান, শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ. এম. জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার, কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বে এস্পোরিয়াম লিমিটেডের চেয়ারম্যান রেজাউর রহমান (রাহাত মিঞা)। বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান (আহাদ মিঞা) এবং পরিচালক আসিফুর রহমান (সিহাব মিঞা)।