Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

ফ্রান্সজুড়ে দাঙ্গা-লুটপাট, শান্ত হওয়ার আহ্বান ম্যাক্রোঁর

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে দাঙ্গা ও লুটপাট ছড়িয়ে পড়ার পর দেশটিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার বড় ধরনের বিক্ষোভের পর রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। রোববারও (১৮ অক্টোবর) প্যারিসের কয়েকটি এলাকায় অস্থিরতা অব্যাহত ছিল।

 

রোববার এলিসি প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বিক্ষোভকারীদের সহিংসতা আর না বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।

জ্বালানির দাম বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি পরিষেবার মান কমে যাওয়ার প্রতিবাদে শনিবার ফ্রান্সজুড়ে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে বিভিন্ন স্থানে দাঙ্গা ও লুটপাট শুরু হয়।

 

ম্যাক্রোঁ বলেন, বিক্ষোভকারীদের ‘যৌক্তিক দাবির’ সঙ্গে যারা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তাদের কর্মকাণ্ডকে এক করে দেখা উচিত নয়। তার ভাষায়, কোনো কিছুই এমন লাগামহীন সহিংসতাকে সমর্থন করতে পারে না। সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে।

 

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় দুই হাজার ৪০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

কালো পোশাক ও মুখোশ পরা একদল দাঙ্গাকারী প্যারিস, মার্সেইসহ বিভিন্ন শহরে সহিংসতায় জড়ায়। এ সময় কোথাও কোথাও গাড়ি ও ভবনে আগুন দেওয়া হয়। রোববারও প্যারিস ও লিওঁর কয়েকটি এলাকায় সীমিত পরিসরে লুটপাট এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে কয়েক শ মানুষের ওপর কাঁদানে গ্যাস ও শব্দসৃষ্টিকারী গ্রেনেড ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেন।

 

আধুনিক ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ অস্থিরতার পর রোববার দেশটির বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

 

লিমোজ শহরে শনিবার দাঙ্গাকারীদের লাগানো আগুনে উনিশ শতকে নির্মিত ঐতিহ্যবাহী সিটি হলের বড় অংশ পুড়ে যায়। আগুনের তীব্রতায় ভবনটির ঘড়ির টাওয়ার ও ছাদ ধসে পড়ে।

ধ্বংস হয়ে যাওয়া ভবনের কাছে অ্যানেইসে নামের এক নারী বলেন, ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তার ভাষায়, সরকারের ওপর ক্ষোভ থেকে ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করা স্বার্থপরতার পরিচয়। এতে সবারই ক্ষতি হচ্ছে।

 

জেরার্ড নামের আরেক ব্যক্তি বলেন, ঘটনাটি ভয়াবহ ও অবিশ্বাস্য। ভবনটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে বলে তিনি মনে করেন।

 

রোববার সকালে প্যারিসের বিভিন্ন দোকানের সামনে ছড়িয়ে থাকা কাচের বড় বড় টুকরা পরিষ্কার করতে দেখা যায় দোকানিদের। অন্যদিকে, শহরের বড় সড়কগুলো থেকে ধ্বংসাবশেষ সরাতে কাজ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। প্যারিস, মার্সেই, লিলসহ বিভিন্ন শহরে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দোকানপাট ও সরকারি ভবনগুলোর নিরাপত্তা জোরদার করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও মেয়ররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। বিক্ষোভ মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়েও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

সপ্তাহান্তের বিক্ষোভে বিভিন্ন স্থানে পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে দেখা যায়। দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশের সদস্যদের কয়েকটি স্থানে লাঠি দিয়ে মানুষকে আঘাত করতেও দেখা গেছে।

 

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের সহিংসতায় প্রায় এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে  সাতজনের অবস্থা গুরুতর।