Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পদ্মাসেতুতে মোটরসাইকেল চালুর দাবীতে মানববন্ধন 

শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু দক্ষিণ প্লাজার সামনে ‘শরীয়তপুর বাইকার্স’ নামক একটি সংগঠন পদ্মাসেতুতে মোটরসাইকেল চালুর দাবীতে মানববন্ধন করেছে। বুধবার (৬ জুলাই) ১২ টার সময় শরীয়তপুর বাইকার্স সংগঠনের পূর্ব ঘোষিত এই মানববন্ধনটি পদ্মাসেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত হয়। এতে শরীয়তপুর বাইকার্স সংগঠনের ৫০ জন সদস্যসহ বেশ কিছু সাধারণ বাইকাররাও অংশগ্রহণ করে। এসময় বক্তারা অবিলম্বে পদ্মাসেতু এবং এক্সপ্রেসওয়েতে যথাযথ নিয়ম মেনে মোটরসাইকেল চালু করার দাবী জানান। এর আগে শরীয়তপুর বাইকার্সের সদস্যরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে পদ্মাসেতু এবং এক্সপ্রেসওয়েতে বাইক চালুসহ বেশ কিছু দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। মানবন্ধনে উপস্থিত শরীয়তপুর বাইকার্স সংগঠনের মাসুদ রানা বলেন, স্বপ্নের পদ্মাসেতু দিয়ে আমর আমাদের জরুরি প্রয়োজনে ঢাকায় যাতায়াত করে ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার আশা করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের ভোগান্তি আরও অনেক বেশি বেড়ে গেলো। সংগঠনের আরেক সদস্য রাশেদুল ইসলাম রিয়াদ বলেন, পদ্মাসেতু এবং এক্সপ্রেসওয়েতে চলাচল করতে না পারায় জরুরি প্রয়োজনেও আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা চাই অবিলম্বে পদ্মাসেতু এবং এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালু করে দেয়া হোক।