Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

যে ৫ কারণে মানুষ চিকিৎসকের কাছে যেতে চান না

অসুস্থতা আমাদের জীবনেরই একটি অংশ। কিন্তু বিভিন্ন কারণে অনেকে অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যাওয়া এড়িয়ে চলেন, নানা বাধার কারণে চিকিৎসা নিতে চান না। এসব কারণ বুঝতে পারলে নিজের বা প্রিয়জনের চিকিৎসা নেওয়ার পথে বাধাগুলো কাটিয়ে ওঠা এবং স্বাস্থ্যের যত্ন নেওয়া সহজ হতে পারে।

 

চিকিৎসার খরচ নিয়ে ভয়

অনেকেই চিকিৎসার খরচের ভয়ে স্বাস্থ্যসেবা নিতে চান না। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখানো এখনো দেশের একটা বড় সংখ্যক মানুষের সাধ্যের বাইরে বা অতিরিক্ত ব্যয়বহুল। সরকারি হাসপাতালে খরচ তুলনামূলকভাবে কম হলেও সেখানে আবার ভিড় বেশি। পাশাপাশি কোনো রোগ শনাক্তের জন্য ডাক্তাররা যেসব টেস্ট করাতে দেন সেগুলোর সবই যে সরকারি হাসপাতালেই হয়, এমন নয়। অনেক সময় রোগ শনাক্তের জন্য ডাক্তার যে টেস্টগুলো দেন সেগুলোর খরচ রোগীদের হাসপাতালে যেতে নিরুৎসাহিত করে।

স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা না থাকা

বিশেষ করে তরুণরা সুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে যেতে চান না। তবে সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। ধূমপানের মতো কিছু স্বাস্থ্যঝুঁকি সহজে চেনা গেলেও বংশগতি ও পরিবেশজনিত ঝুঁকি সব সময় বোঝা যায় না। তাই নিজে সুস্থ থাকা বা পরিবারে রোগের ইতিহাস না থাকলেও অসুস্থতার ঝুঁকি উড়িয়ে দেওয়া উচিত নয়।

লজ্জা বা ভয়

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হলে অনেকে বিব্রত বোধ করেন। এর পেছনে ভয়, লজ্জা ও অপরাধবোধ কাজ করতে পারে। কেউ সুচ বা হাসপাতালের ভয়ে, আবার কেউ গুরুতর রোগ ধরা পড়ার আশঙ্কায় চিকিৎসা এড়িয়ে চলেন। মলত্যাগের অভ্যাস, যৌনজীবন বা শারীরিক পরীক্ষা নিয়ে কথা বলতেও অনেকে সংকোচ বোধ করেন। অতীতের আঘাতজনিত অভিজ্ঞতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনার অস্বস্তিও চিকিৎসা নিতে বাধা সৃষ্টি করে। আবার কেউ কেউ লজ্জায় বা চিকিৎসক উপসর্গকে গুরুত্ব দেবেন না-এমন আশঙ্কায় চিকিৎসা নেন না।

 

 

সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব

দারিদ্র্য, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য বাধার কারণে অনেকে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে লজ্জা ও হতাশায় ভোগেন। চিকিৎসকের কাছে যেতে অন্যের সাহায্য চাইতেও অনেকে সংকোচ বোধ করেন। যেমন-নিজের গাড়ি না থাকলে ক্লিনিকে যাওয়ার জন্য বন্ধুর সাহায্য চাইতে অস্বস্তি হতে পারে।

 

কাজ, পড়াশোনা ও পারিবারিক দায়িত্বও চিকিৎসা নেওয়ার পথে বাধা সৃষ্টি করে। চিকিৎসকের কাছে যেতে ছুটি নিলে সময় ও অর্থের ক্ষতি হতে পারে। আবার ছোট সন্তান বা পরিবারের অন্য সদস্যদের দেখাশোনার দায়িত্ব থাকলে বিকল্প ব্যবস্থা না পাওয়ায় অনেকে চিকিৎসকের কাছে যেতে পারেন না।

 

নির্দিষ্ট কোনো চিকিৎসক না থাকা

আপনার বন্ধু বা প্রিয়জন চিকিৎসকের কাছে যেতে চাইলেও নির্দিষ্ট চিকিৎসক না থাকায় সমস্যায় পড়তে পারেন। কোথায় চিকিৎসক খুঁজবেন বা জটিল স্বাস্থ্যসমস্যায় কোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, তা বুঝতেও অসুবিধা হতে পারে। এছাড়া শহরের তুলনায় গ্রামীণ এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সুযোগ কম। এ ব্যবধান কমাতে টেলিহেলথ সেবা সহায়ক হতে পারে। এর মাধ্যমে হাসপাতালে না গিয়েও চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসেবাদাতার পরামর্শ নেওয়া যায়।