Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পিরোজপুরে জোয়ারের পানি বৃদ্ধি : নিন্মাঞ্চল প্লাবিত

পিরোজপুরের বিভিন্ন নদ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। পিরোজপুর শহেরর রাজারহাটস্থ শহর রক্ষা বাঁধ উপরে পানি ডুকে পড়েছে। এছাড়া শহরের আদর্শপাড়া, নামাজপুর, হুলারহাট, কুমিরমাড়া সহ বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে পানিতে।

পিরোজপুরের ইন্দুরকানীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটের গ্যাংওয়ে ৩ ফুট পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে ফেরি পার হওয়া যানবাহন ও সাধারণ মানুষদের। রোববার দুপুরে সরজমিন উপজেলার কচা নদীর টগড়া ফেরিঘাটে গিয়ে দেখা যায় নদীতে পানির খুব চাপ। ফেরিঘাট ২/৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ঝুঁকি নিয়ে অনেক যানবাহন পার হচ্ছে। পথচারীরা পানিতে ভিজে ফেরিতে ওঠা-নামা করছে। ঘাটের দুই পাশের দোকান পানিতে তলিয়ে গেছে। অনেক ছোট গাড়ি পার না হয়ে ভাটার অপেক্ষা করছে। বাসচালক আলম শেখ বলেন, পানির ভেতর থেকে আমাদের গাড়ি চলাচলে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। বাস খাদে পড়ার আতঙ্কে থাকে।
পথচারী হাবিব আকন বলেন, পানি বেশি ওঠার কারণে যাত্রীদের ওঠা-নামায় অনেক বিঘ্ন ঘটে। এ ছাড়াও উপজেলার কলারন বাসস্ট্যান্ডসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাসস্ট্যান্ডটি নদীর তীরবর্তী হওয়ায় জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যার ফলে এই রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির স্বীকার পোহাতে হয়। এটি প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা সদরসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের একমাত্র রুট। এদিকে উপজেলার চাড়াখলী-গুচ্ছগ্রাম, উত্তর ভবানিপুর, দক্ষিণ ভবানিপুর, কালাইয়া, পূর্ব চণ্ডিপুর, টগড়া ও উমেৎপুরসহ প্রায় ২০-২২টি গ্রাম প্লাবিত হয়। ইউপি সদস্য খাইরুল আকন জানান, টগড়া ও উমেৎপুর গ্রামে অতিরিক্ত পানির কারণে গ্রামের মানুষ ভোগান্তির শিকার। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, আমাদের এই অঞ্চলের অনেক গ্রামে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, বিভিন্ন জায়গায় স্লুইসগেট রক্ষণাবেক্ষণের অভাবে দুই পার্শ্ব ভেঙে জোয়ারের পানি উঠে গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে মেরামতের উদ্যোগ নেয়া হবে।