Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

২৫০ টাকার ভাড়া ৫০০ টাকা, অসহায় শরীয়তপুরগামী যাত্রীরা

রাজধানীর যাত্রাবাড়ী থেকে শরীয়তপুর বাসষ্টান্ডের ভাড়া ২ শ ৫০ টাকা। কিন্তু যাত্রীদের জিম্মি করে আদায় করা হচেছ ৫ থেকে ৬ শ টাকা। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে চালানো হচ্ছে নির্যাতন। অসহায় হয়ে পড়েছে সাধারণ যাত্রীরা।
এদিকে, শরীয়তপুর পরিবহন নামের একটি বাসে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় হামলার স্বীকার হয়েছেন এটিএন বাংলার সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়িতে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ওই পরিবহনের রুট পারমিট বাতিলসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সাধারণ মানুষের।
সকাল ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার উজ্জল খান তার পরিবারের সদস্যদের নিয়ে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুর পরিবহনের একটি বাসে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করেন। তাদের কাছ থেকে জনপ্রতি ৬শ টাকা ভাড়া নেয়া হয়েছে। মান ইজ্জতের ভয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ করতে সাহস পাননি বলে দাবী করেন তিনি।
একই উপজেলার হারুন অর রশিদ ভূইয়া বলেন, প্রতিবাদ করলে তো নির্যাতনের শিকার হতে হবে। এ গুলো দেখার কেউ নেই। আমরা অসহায়। শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে বলেন, ‘সংবাদকর্মীসহ যাত্রীদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।