মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সংসদ সদস্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে হামলা চালিয়েছেন জেলেরা। এ সময় জেলেদের ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচজন সদস্য আহত হয়েছেন। তবে সংসদ সদস্য নিরাপদেই আছেন।
সোমবার সকালে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর কলিকাল চরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরন করায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা শুরু করে। এ সময় জেলেরা লাঠিসোটা ও ইটপাটকে নিয়ে অভিযানকারী দলের বোটের ওপর হামলা চালায়। জেলেদের হামলার মুখে পিছু হটে অভিযান কারী দলের সদস্যরা। পরবর্তীতে অতিরিক্ত নৌ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযানকারী দলের সাথে যোগ দিলে জোরালো অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর অভিযানের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় জেলেদের ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৪১ জন জেলেকে আটক করা হয়েছে। এর আগে গত রাত ৪ টার থেকে চলমান অভিযানে ৪১ জেলেকে আটক করা হয়। শব্দ করা হয় ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ।
জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে গেলে জেলেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগের লোকজনের ওপর হামলা চালায়। আমরা আজকের অভিযান থেকে ৪১ জনকে আটক করেছি। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে