আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা যুবদল। এ সময় আওয়ামী লীগকে বাকশালি আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের ভবিষ্যৎ সব ধরনের কার্যক্রম প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ।
রোববার (১৫ নভেম্বর) বিকালে শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের উত্তরমাথা থেকে বের হয় পুরো শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী বটতলা এলাকায় এসে শেষ হয়।
জানা যায়, আগামী ১৯ নভেম্বর সারাদেশে সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন আওয়ামী লীগ। তারই প্রতিবাদে শরীয়তপুরে মোটরসাইকেলে শোডাউন করে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল। শোডাউনে অন্তত এক হাজার নেতাকর্মী অংশ নেয়। এসময় তারা আওয়ামী লীগের উদ্দেশ্য করে নানা ধরনের স্লোগান দেয়া হয়। শেষে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সহ সভাপতি লিয়াকত খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, আওয়ামী লীগ পালিয়ে গিয়ে ভারতে বসে এদেশের শান্তি নষ্ট করতে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা আগামী ১৯ তারিখে লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা বলতে চাই শরীয়তপুরের মাটিতে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না। আমরা জনগণকে সাথে নিয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিবো।
সমাবেশে জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, বাংলাদেশের একটি স্বৈরাচারী সরকার গণমানুষের অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। এখন তারা ভারতে বসে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা একটি জুজুর ভয় দেখাচ্ছেন তারা ডিসেম্বরে আসবেন। আমাদের সরকার, বাংলাদেশের সরকার প্রথমেই তাকে ফেরাতে ভারতের কাছে আবেদন করেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইতোমধ্যে সকল বাংলাদেশ সরকার সকল ব্যবস্থা সমাপ্ত করেছে। আমরা চাই উনি আসবেন, বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে সেটার তার জন্য প্রযোজ্য হবে। কিন্তু তারা ডিসেম্বর আসবেন সেই জুজুর ভয় দেখিয়ে দেশে হামলা ও অগ্নিসংযোগ করছেন, রাতের অন্ধকারে মানুষকে পুড়িয়ে মারছেন। আমরা এই ধরনের কার্যক্রম বরদাস করব না। আগামীতে আওয়ামী বাকশালিদের সকল কার্যক্রম প্রতিহত করতে হবে।