Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

ভেদরগঞ্জে কৃষিজমি কাটার দায়ে যুবদল নেতার তিন মাসের কারাদণ্ড

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে তিন মাস এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় তাদের কারাদণ্ড দেন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে রোকন সরদার (৩৫), ভেদরগঞ্জের ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে তাজেল সরদার (২৭), ফ্রান্সগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রহিম বাদশা (২০)।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে রোকন সরদার ও তাজেল সরদারকে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

এর আগে গত বছরের মে মাসে যুবদল নেতা রোকন সরদারকে কৃষি জমি কাটার দায়ে কারাদণ্ড দেয়া হয় এবং একাধিকবার জরিমানা ও করা হয়।

 

অভিযানকালে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

 

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আমরা এর আগেও তাকে দুইবার সতর্ক করেছি তবে তিনি কিছুদিন চুপ থেকে আবারও একই কাজ করছেন। জেলা যুবদলের আজকে একটি প্রোগ্রাম রয়েছে সেটা শেষ করে আমরা বসে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবো।

 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।