যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, দোনবাসের দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানেস্ক থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ সেনারা।
যুক্তরাজ্য জানিয়েছে, স্লোভিয়ানেস্কেই হবে দোনবাসের পরবর্তী যুদ্ধ। বর্তমানে পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করা রুশ সেনারা স্লোভিয়ানেস্ক থেকে ১৬ কিলোমিটার দূরে আছেন। তাছাড়া মধ্য ও দক্ষিণ দিকে অবস্থান করা সেনারাও এগিয়ে আসছে।
রুশ সেনারা দখলকৃত লিসিচানস্ক এবং লুহানেস্কে তাদের আধিপত্য বিস্তার করছে বলেও জানানো হয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্যে।
এদিকে লুহানেস্ক দখল করার পর বর্তমানে দোনেৎস্ক দখল করার দিকে মনযোগ দিয়েছে রাশিয়া। দোনেৎস্কের সম্মুখভাগের শহর হলো স্লোভিয়ানেস্ক।
শহরটির মেয়র মঙ্গলবার জানান রুশ বাহিনী স্লোভিয়ানেস্কে ব্যাপক গোলাবর্ষণ করছে।
তিনি এখানে অবস্থান করা সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ জানান।
বর্তমানে দোনবাসের দোনেৎস্কের ৫৫ ভাগের দখলে আছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। অন্যদিকে ইউক্রেনের হাতে আছে ৪৫ ভাগ অঞ্চলের দখল।
কিন্তু রাশিয়া এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা চাইছে পুরো দোনবাস দখল করতে।
সূত্র: দ্য গার্ডিয়ান