Wednesday, 18th November, 2026
Wednesday, 18th November, 2026

শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের ওপর হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা পলিথিন ও নিষিদ্ধ প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুর করা হয়।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাত আক্তারকে নিয়ে নড়িয়া বাজারের একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানালে কয়েকশ মানুষ তাঁদের ঘিরে ধরে। একপর্যায়ে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা এবং হেনস্তা করা হয়।

 

তিনি আরও অভিযোগ করেন, বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফা বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করতে ভূমিকা রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, নড়িয়া বাজারে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনাটি সত্য। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।