Wednesday, 18th November, 2026
Wednesday, 18th November, 2026

দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে জেলা শহরের উত্তর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মাহবুব মোর্শেদ টিপু বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতার বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন।

 

এ সময় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, সাবেক কমিশনার সরদার এ কে এম চান মিয়া ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।