শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের একটি ফসলি জমিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার তারামিয়া জমাদ্দারের ছেলে নয়ন জমাদ্দার (৩০), মজিদ জমাদ্দারের ছেলে আনোয়ার জমাদ্দার (৫০) এবং আনোয়ার জমাদ্দারের ছেলে আরমান জমাদ্দার (১৭)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফসলি জমিতে ককটেল রোদে শুকানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন আহত হন। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আহতদের স্বজনদের দাবি, এলাকায় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন তারা জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে তারা আহত হন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি স্বজনরা।
স্থানীয় কৃষক ছায়াদ জমাদ্দার বলেন, “আমি পাশের একটি ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনজন আহত অবস্থায় পড়ে আছেন। তাদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর ছিল। পরে শুনেছি, তাদের ওপর নাকি বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা বোমা নিক্ষেপ করেছে, তা আমি নিজে দেখিনি।”
এ বিষয়ে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।”
ঘটনার পর বিকেল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন রাজনৈতিক কর্মসূচির ঠিক আগের দিন জাজিরায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় পর্যায়ে ধারণা করা হচ্ছে, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল তৈরি করা হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরিত ককটেলগুলো ওই কর্মসূচির জন্যই তৈরি করা হচ্ছিল কি না, কিংবা ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।