Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে থেকে শত বছরের পুরাতন মূর্তি উদ্ধার

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে থেকে শত বছরের পুরাতন মূর্তি সহ বেশ কিছু প্রাচীন নিদর্শণ জব্দ করেছে পুলিশ। বুধবার রাত একটার দিকে ভারতের কোলকাতা থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা দক্ষিন থানা পুলিশ। এসময় অবৈধ ভাবে মূল্যবান মূর্তি পরিবহনের অভিযোগে বাসের যাত্রী জসিম উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মূর্তি সহ ১ জন আটকের বিষয়টি নিউজ বাংলাকে নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোলকাতা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাসে অভিযান চালিয়ে শত বছরের পুরাতন অনেক মূল্যবান ৩টি সিংহের মূর্তি, কারুকাজ করা ১টি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও ২ টি ভিডিও ক্যামেরা উদ্ধার করে পুলিশ। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়। এসময় অবৈধ ভাবে আনা এসব পন্যের কোন ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। পরে উদ্ধারকৃত সব মালামাল পদ্মা দক্ষিন থানায় নিয়ে যায় পুলিশ।
মূর্তিগুলো কষ্টি পাথরের হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। তবে অধিকতর পরীক্ষা শেষেই মূর্তিগুলো সম্পর্কে পরিস্কার ভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।