Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

কাল দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় আগামীকাল শুক্রবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। এতে আরও বলা হয়, কাল সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।