Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

কম সময় ঢাকায় গিয়ে সবজি বিক্রি করবেন তাঁরা

কৃষক দেলোয়ার হোসেন  বলেন, ‘৮ বিঘা জমিতে চিচিঙ্গা ও ধুন্দলের আবাদ করেছি। গ্রামে ক্রেতা কম, তাই দাম পাই না। ঢাকার খুব কাছে থাকি আমরা, কিন্তু পদ্মা নদী পারাপারের বিড়ম্বনার জন্য নিজেদের উৎপাদিত সবজি ঢাকার বাজারে নিতে পারি না। স্থানীয় বাজারের ওপর ভরসা করে চাষাবাদ করতে হয়। কখনো ভালো দাম পাই, আবার কখনো লোকসান দিয়ে বিক্রি করতে হয়। ২৫ জুন সেতু চালু হবে। তখন দেড় ঘণ্টা সময়ে ঢাকার বাজারে গিয়ে সবজি বিক্রি করতে পারব। আমাদের আর লোকসান গুনতে হবে না।’

শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বছরে ৫ হাজার হেক্টর জমিতে ১৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। ২ হাজার হেক্টর জমিতে ৫৪ হাজার মেট্রিক টন আলু, ৩ হাজার ৩৬ হেক্টর জমিতে সাড়ে ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ, ৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে ২৫ হাজার ৬৯০ মেট্রিক টন রসুন, ৬ হাজার ৫৮০ হেক্টর জমিতে ৯ হাজার ২১২ মেট্রিক টন মরিচ, ২৩০ হেক্টর জমিতে ৫ হাজার ৫১০ মেট্রিক টন পেঁপে উৎপাদিত হয়। এসব কৃষিপণ্য স্থানীয় হাটবাজারে খুচরা ক্রেতা ও ফড়িয়াদের কাছে বিক্রি করেন কৃষকেরা। এ কারণে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া গ্রামের কৃষক লিয়াকত কাজী চলতি বছর ১৯ বিঘা জমিতে বেগুন, শসা ও ঢ্যাঁড়সের আবাদ করেছেন। উৎপাদিত সবজি স্থানীয় কাজিরহাট ও মিরাশার চাষি বাজারে বিক্রি করেন তিনি। লিয়াকত কাজী  বলেন, ‘আমাদের এলাকা থেকে সরাসরি কোনো বাস-ট্রাক ঢাকায় যায় না। তাই ঢাকায় সবজি নিয়ে যেতে পারি না। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় ঢাকার পাইকারেরাও এখানে আসেন না। ফলে বাধ্য হয়ে স্থানীয় ফড়িয়াদের মনগড়া দামে এখানকার বাজারে বিক্রি করে দিই। পদ্মা সেতু চালু হলে কৃষিপণ্য বিক্রিতে ঢাকার বাজার ধরতে পারব।’

আগামী ২৫ জুন সেতু চালু হলে নিজেদের উৎপাদিত সবজি ঢাকার বাজারে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রি করবেন শরীয়তপুরের কৃষকরা আগামী ২৫ জুন সেতু চালু হলে নিজেদের উৎপাদিত সবজি ঢাকার বাজারে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রি করবেন শরীয়তপুরের কৃষকরা

জাজিরার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আয়ুব আলী শরীয়তপুরের বিভিন্ন হাটবাজার থেকে পাইকারি দরে সবজি কিনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার আড়তে বিক্রি করেন। তিনি  বলেন, দক্ষিণাঞ্চল কৃষিপণ্য উৎপাদনের একটি বড় জায়গা। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় উৎপাদিত সবজি এ অঞ্চলের হাটবাজারেই বিক্রি করতে হয়। ফেরিঘাটে পারাপারের জন্য দীর্ঘ অপেক্ষা, হয়রানি, চাঁদাবাজিসহ নানা ধরনের বিড়ম্বনার কারণে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বাজারে সবজি নিয়ে যান না তাঁরা। পদ্মা সেতু চালু হলে এবার সবজি নিয়ে ঢাকামুখী হবেন।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক গোলাম রসুল বলেন, পদ্মা-মেঘনা নদীবেষ্টিত শরীয়তপুরের মাটি বেশ উর্বর। ফসলের ফলন ভালো হয় এ জেলায়। কেবল যোগাযোগব্যবস্থার কারণে এ অঞ্চলের কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতেন। পদ্মা সেতু চালু হলে এ অঞ্চলের কৃষকের ভাগ্য খুলে যাবে।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান  বলেন, পদ্মা সেতুর কারণে দেশের জিডিপি বৃদ্ধি পাবে ২ শতাংশের মতো। কৃষি, পর্যটন, শিল্প, শিক্ষাসহ নানা খাতে সাফল্য আসবে। শরীয়তপুর নদী ও কৃষিপ্রধান এলাকা। কৃষিতে বড় ধরনের সাফল্য পেতে তাঁরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নিয়ে কাজ করছেন।