Tuesday, 17th November, 2026
Tuesday, 17th November, 2026

বাবার ‘পরকীয়া’ দেখে ফেলায় শিশুকে হত্যা, ৬ মাস পর চার্জশিট দাখিল

বাবার পরকীয়া দেখে ফেলায় কুমিল্লার দেবিদ্বারের শিশু ফাহিমাকে হত্যার ঘটনায় বাবাসহ পাঁচ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আজ সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। ছয় মাস আগে আলোচিত এই হত্যাকাণ্ড হয়।

অভিযুক্তরা হলেন শিশুর বাবা মো. আমির হোসেন (২৫), মো. রবিউল আউয়াল (১৯), মো. রেজাউল ইসলাম ইমন (২২), মোসা. লাইলি আক্তার (৩০) ও মো. সোহেল রানা (২৭)।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ৫ বছরের শিশু ফাহিমাকে গলা কেটে হত্যা করেন বাবাসহ অভিযুক্ত পাঁচ আসামি। আসামিরা বর্তমানে জেলহাজতে রয়েছেন। অভিযোগপত্রে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ নভেম্বর বিকালে কুমিল্লার দেবিদ্বারে ৫ বছরের শিশু ফাহিমা আক্তার নিখোঁজ হয়। পরে এ বিষয়ে শিশু ফাহিমার বাবা আমির হোসেন দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৪ নভেম্বর দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর এলাকার একটি কালভার্টের নিচে সরকারি খালের ডোবা থেকে ফাহিমার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফাহিমার বাবা আমির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। কিন্তু পরবর্তীতে তদন্তে বের হয় আসল তথ্য। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর অভিযানে দেবিদ্বার ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ভিকটিমের বাবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। র‌্যাব ও পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন।