শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের সারেং কান্দি এলাকায় মাঝরাতে দেয়া দুর্বৃত্তদের আগুনে একই সাথে চারটি বাড়ির গবাদিপশু সহ রান্না ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (২১ মে) দিবাগত রাত সারে ১২ টার সময় শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেং কান্দি এলাকার ইয়াসিন মুন্সী, ইউনুস সারেং ও পার্শবর্তী নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের মোল্লা কান্দি এলাকার আব্দুল হামিদ মৃধা, আবু কালাম ফকিরের বাড়ীর গরুঘর ও রান্না ঘরে একযোগে আগুন দেয় দুর্বিত্তরা। এ আগুনে সারেং কান্দি গ্রামের বাসিন্দা ইয়াসিন মুন্সীর ২টি ছাগল ও একটি গরু নিহত হয় সাথে তার গরু ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের ভয়াবহতা দেখে রুপজান বিবি নামের এক বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে সাথে সাথে মারা যান।
একই গ্রামের বাসিন্দা ইউনুস সারেং এর ৯টি গরু আগুনে দগ্ধ হয়ে ২টি গরু মারা যায়। ৭টি গরু আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ ছাড়াও তার গরু ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
মুক্তারেরচর মোল্লা কান্দি গ্রামের আব্দুল হামিদ মৃধার ও আবু কালাম ফকিরের একটি রান্নাঘর, একটি গরু ঘর ও একটি টয়লেট সম্পূর্ণ পুড়ে গিয়েছে। জানান, ক্ষতিগ্রস্ত সকলেই কৃষক। কৃষি কাজ করেই তাদের জীবিকা নির্বাহ হয়।
ক্ষতিগ্রস্থ ইয়াসিন মুন্সী জানান, রাত ১২ টার পর প্রতিবেশী রুপজান বিবির চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি গরু ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে জানাই। ততক্ষণে আমার ২টি ছাগল ও ১টি গরু দগ্ধ হয়ে মারা যায়। আরেকটি গরু কোনরকম বাঁচাতে পেড়েছি, কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। যে বা যাহারা এমন নিকৃষ্ট কাজ করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ক্ষতিগ্রস্থ ইউনুস সারেং বলেন, আমি কৃষক মানুষ। আমার সাথে কারো কোন শত্রুতা নেই। কে বা কারা আমার এত বড় ক্ষতি করতে পারে আমি তা ভাবতে পারছি না। আমার ৯টি গরুর মধ্যে ৪টি গরু নিয়মিত দুধ দিত যা দিয়ে আমার সংসার চলতো। আরেকটি গরু গাভীন ছিল। আমার সব শেষ হয়ে গেল। আমি এর কঠিন বিচার চাই।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এ কাজ যে বা যারাই করে থাকুক, তা খুবই নিকৃষ্টতম ঘৃণিত কাজ করেছে। এটি যে পূর্বপরিকল্পিত ঘটনা তা স্পষ্ট বুঝা যাচ্ছে। আগুন যাতে নেভানো না যায় সেজন্য টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের কঠিন শাস্তি হওয়া উচিত।
জাজিরা ফায়ার সার্ভিস ইনচার্জ মো. এনামুল হক সুমন বলেন, রাত পৌনে ১টার সময় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ২টি ইউনিট মিলে ৩টি বাড়ীর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অন্য একটি বাড়ীর আগুন স্থানীয়রা আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, ঘটনাটি জানতে পেরে আমি নিজে সরেজমিন পরিদর্শন করেছি।এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। এ কাজে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সূপারিশ করব। ক্ষতিগ্রস্থদের সর্বাত্মক সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।